যশোরে ৯০০ গ্রাম স্বর্ণসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ , ২২ এপ্রিল ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোরের তারাগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৯০০ গ্রাম ওজনের ‘গোল্ড পেস্ট’ (স্বর্ণ) এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​বুধবার (২২ এপ্রিল ২০২৬) ভোরে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক ওয়াজিদ আলী ভারতের মুম্বাই সংলগ্ন থানে জেলার ভিওয়ান্দি এলাকার আমিন আহমদ আনসারীর ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল বুধবার ভোর ৫টার দিকে তারাগঞ্জ এলাকায় অভিযান চালায়। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ওই ভারতীয় নাগরিকের কাছ থেকে ৯০০ গ্রাম গোল্ড পেস্ট উদ্ধার করা হয়।

স্বর্ণের পাশাপাশি তার কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক পরীক্ষার পর উদ্ধারকৃত স্বর্ণের বিশুদ্ধতা নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৩ লক্ষ ৪২ হাজার ১১ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ওয়াজিদ আলী জানায়, সে একজন আন্তর্জাতিক যাত্রী হিসেবে নিয়মিত ভারত, মধ্যপ্রাচ্য ও মিশর ভ্রমণ করে। গত ২০ এপ্রিল সে মুম্বাই থেকে বিমানে দুবাই যায় এবং সেখান থেকে ঢাকায় আসে।

সড়কপথে ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে তার ভারতে প্রবেশের পরিকল্পনা ছিল। পাসপোর্ট পর্যালোচনায় দেখা গেছে, ২০২৪ সাল থেকে সে একইভাবে একাধিকবার বিভিন্ন দেশ ভ্রমণ করেছে।

​বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক রোধে মহাপরিচালকের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সদা তৎপর।

আসামী ওয়াজিদ আলী ও জব্দকৃত মালামাল যশোর কোতয়ালী থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য লিখুন

আরও খবর