কমলগঞ্জে ৬০ বছরের পুরোনো রাস্তা কেটে প্রতিবন্ধকতার অভিযোগ,গ্রামবাসীর প্রতিবাদ

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ , ১৩ জুন ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে দীর্ঘদিনের ব্যবহৃত জনসাধারণের রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৩ জুন) স্থানীয় গ্রামবাসী প্রতিবাদ সভা করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিবাদ সভায় বক্তারা জানান, স্বাধীনতারও পূর্ব সময় থেকে প্রায় ৬০ বছর ধরে রামচন্দ্রপুর গ্রামের মানুষ এবং দেওরাছড়া চা বাগানের একাংশের শ্রমিকসহ শতাধিক পরিবার এ রাস্তা ব্যবহার করে আসছেন।

প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক মানুষ এই পথ দিয়ে চলাচল করেন। সম্প্রতি স্থানীয় বাসিন্দা বারিক মিয়া (প্রকাশ বারিক্কা) ও খুশেদ মিয়া (প্রকাশ খোশিয়া) রাস্তার দুই পাশ কেটে সংকুচিত করে দিয়েছেন বলে অভিযোগ করেন তারা।

গ্রামবাসীর দাবি, রাস্তার পাশে গর্ত করে সেখানে গোবর ও ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচল চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘদিনের জনসাধারণের রাস্তা কেটে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করা হয়েছে। এতে এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

তবে বারিক মিয়া অভিযোগের বিষয়ে বলেন, রাস্তার অংশ তার দলিলভুক্ত জমির মধ্যে পড়ায় তিনি তা কেটেছেন।

এ বিষয়ে রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, মানুষের চলাচলের রাস্তা কেটে দেওয়া দুঃখজনক। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেম এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর