ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর বাসায় জানালার গ্রিল কেটেদুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ , ২১ জুন ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়া এলাকায় এক প্রবাসীর বাসায় জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার (২০ জুন, ২০২৬) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে মধ্যপাড়া ৫নং ওয়ার্ডের ইকবাল মিয়ার বাড়ির ৪তলার ভাড়াটিয়া, প্রবাসী নাজির মিয়ার বাসায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা গভীর রাতে ভবনের ৪তলার জানালার গ্রিল কেটে প্রথমে একজন ভেতরে প্রবেশ করে। পরে সে ভেতর থেকে ঘরের মূল দরজা খুলে দিলে বাইরে ওত পেতে থাকা আরও ৪ জন চোর ভেতরে ঢোকে। চোর চক্রের সদস্যরা ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের সবাইকে জিম্মি করে ফেলে।

লুটেরা দল ঘর থেকে আড়াই ভরি স্বর্ণ, ৮ ভরি রুপা, নগদ ৫ লক্ষ ২৫ হাজার টাকা, একটি আইফোন ১১ প্রো ম্যাক্স (iPhone 11 Pro Max) এবং একটি ওপো ১৬ই (Oppo 16e) মডেলের স্মার্টফোনসহ সর্বমোট প্রায় ১২ লক্ষ টাকার মালামাল লুটে নেয়।

যাওয়ার সময় তারা পরিবারের বেশ কয়েকটি জাতীয় পরিচয়পত্র (NID) সাথে করে নিয়ে যায়। তবে প্রবাসী নাজির মিয়ার স্ত্রীর আকুল অনুরোধে ৪টি পাসপোর্ট রেখে যায় চোরেরা।

প্রবাসী নাজির মিয়ার স্ত্রী সংবাদমাধ্যমকে জানান, কিছুদিন আগে তাদের বাসায় ডিস লাইনের কাজ করতে আসা ‘মাহফুজ’ নামের এক যুবকের নেতৃত্বে এই পরিকল্পিত চুরি ও লুটপাটের ঘটনাটি সংঘটিত হয়েছে। চোর চক্রের গতিবিধি এবং পূর্বপ্রস্তুতি দেখে এটি সুপরিকল্পিত ছিল বলেই ধারণা করছে পরিবারটি।

এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রাজস্ব ওবায়দুর রহমান বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর