• খুলনা দেশজুড়ে
  • শার্শায় পুকুরে বিলীন হচ্ছে লাউতাড়া গ্রামের রাস্তা, দুর্ভোগে ১৫০০ মানুষ: সংস্কারের আশ্বাস ইউএনও-র

শার্শায় পুকুরে বিলীন হচ্ছে লাউতাড়া গ্রামের রাস্তা, দুর্ভোগে ১৫০০ মানুষ: সংস্কারের আশ্বাস ইউএনও-র

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ , ১ জুলাই ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা উপজেলাধীন ০৯ নং উলাশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লাউতাড়া গ্রামের প্রায় ১৫০০ মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি এখন চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্রামের সরদার পাড়ার মোড় হইতে জনৈক লিয়াকত এর বাড়ী পর্যন্ত আনুমানিক ১ কিলোমিটার দীর্ঘ এই কাঁচা-পাকা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

​স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন এলাকার শিক্ষক, ছাত্র-ছাত্রী, নামাজী ও ব্যবসায়ীসহ সকল শ্রেণীর মানুষ চলাচল করেন। কিন্তু বর্তমানে রাস্তার দুই পাশ ঘিরে থাকা ৩টি পুকুরের কারণে সড়কটি মারাত্মক হুমকির মুখে পড়েছে।

পুকুরের পানির স্রোত ও পাড় বাঁধাই না থাকার কারণে রাস্তার দুইপাশের বড় অংশ ভেঙে পুকুরের ভিতরে চলে গেছে। ফলে রাস্তাটি এতটাই সংকীর্ণ ও বিপজ্জনক হয়ে পড়েছে যে, বর্তমানে সেখানে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। জরুরি চিকিৎসা কিংবা কৃষিপণ্য বহনে এলাকার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

পুকুর ঘেঁষে থাকা এই সরু রাস্তাটি দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

​এমতাবস্থায়, রাস্তাটি দ্রুত পাকাকরণ ও টেকসই গাইড ওয়াল নির্মাণের মাধ্যমে চলাচলের উপযোগী করার দাবিতে আজ (১ জুলাই) শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন দাখিল করেছেন লাউতাড়া গ্রামবাসী। গ্রামবাসীর পক্ষে আবেদনটি জমা দেন এলাকার প্রতিনিধি মো. শাহীন হোসেন।

​আবেদনটি পাওয়ার পর বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে শার্শার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ তা আমলে নেন। তিনি তাৎক্ষণিকভাবে গ্রামবাসীর প্রতিনিধিকে আশ্বস্ত করে বলেন, জনস্বার্থে রাস্তাটি দ্রুত নির্মাণ করা প্রয়োজন। আগামীতে বাজেট প্রাপ্তি সাপেক্ষে রাস্তাটি পাকাকরণ ও সংস্কারে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।

​লাউতাড়াবাসী আশা করছেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে এই ১ কিলোমিটার রাস্তার দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।

মন্তব্য লিখুন

আরও খবর