কমলগঞ্জে ৫শ টাকা মজুরি ও নিরপেক্ষ ইউনিয়নের দাবীতে চা শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ , ২২ জুলাই ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ দৈনিক ৫শ টাকা মজুরি কার্যকর, চার সপ্তাহের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া এবং সরকারি হস্তক্ষেপ মুক্ত নিরপেক্ষ ইউনিয়ন নির্বাচনের দাবিতে রাজপথে নেমেছেন চা শ্রমিকরা। বুধবার(২২ জুলাই) সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানে ‘সাধারণ চা শ্রমিক ও ছাত্র- যুবকদের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদে চা শ্রমিকদের মজুরি ৫শ টাকা করার বিষয়টি আলোচিত হলেও তা পরবর্তীতে প্রত্যাহার করায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন আন্দোলনকারীরা। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় শ্রমিক নেতারা তাঁদের দূরবস্থার নানা চিত্র তুলে ধরেন।

তারা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়লেও শ্রমিকদের মজুরি বাড়েনি। ফলে সন্তান-সন্তানাধি নিয়ে চরম আর্থিক অনটনে দিন কাটছে অধিকাংশ পরিবারের।

এছাড়া কুরমা চা বাগানের শ্রমিকদের টানা চার সপ্তাহের মজুরি বন্ধ রয়েছে। ফলে শত শত শ্রমিক পরিবার বর্তমানে প্রায় অনাহারে- অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। বক্তারা অবিলম্বে বকেয়া ও সকল আইনসম্মত পাওনা মিটিয়ে দেওয়ার দাবি জানান।

এছাড়া শ্রম অধিদপ্তরের কোনো প্রকার অবৈধ প্রভাব ও হস্তক্ষেপ ছাড়াই বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা, যাতে শ্রমিকরা তাঁদের সঠিক প্রতিনিধি বেছে নিতে পারেন।

সমাবেশে বক্তব্য রাখেন, চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানু, ইউপি সদস্য নুরুল হক, শমশেরনগর চা বাগানের শ্রমিক নেত্রী লছমি রানী রাজভর এবং সুজিত পাশা।

মন্তব্য লিখুন

আরও খবর