বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৬:৪৪ পূর্বাহ্ণ , ২৪ জুলাই ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ত্রিপুরা সম্প্রদায়ের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহায়তায় সংগঠনটির উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) খাগড়াছড়ি সদর উপজেলার মিলনপুরে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উপদেষ্টা ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হরি কিশোর ত্রিপুরা, দপ্তর সম্পাদক সুনী ত্রিপুরা, মহিলা বিষয়ক সম্পাদক মিঠুন রানী ত্রিপুরা, খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি মিহির কান্তি ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা।

সভাপতির বক্তব্যে কমল বিকাশ ত্রিপুরা বলেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় ত্রিপুরা জনগোষ্ঠীর পাশে কাজ করে আসছে।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ বিবেচনায় সংগঠনটি সরকারি সহায়তার সমন্বয়ে এই ত্রাণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। তিনি ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মতো সামাজিক সংগঠনের অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়।

তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ঋণগ্রহীতাদের জন্য তিন মাস পর্যন্ত ঋণের কিস্তি পরিশোধ স্থগিত রাখার সুযোগ রয়েছে। ক্ষতিগ্রস্তদের এ সুবিধা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি নিজ নিজ ঋণদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠন একযোগে কাজ করলে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন। উপকারভোগীরা এ উদ্যোগের জন্য বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর