• চট্রগ্রাম শীর্ষ সংবাদ
  • মাটিরাঙ্গায় জলবায়ু-সহনশীল কলা চাষ ও সমন্বিত কৃষি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় জলবায়ু-সহনশীল কলা চাষ ও সমন্বিত কৃষি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ , ২৭ জুলাই ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলা এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় কৃষকদের দক্ষ করে তুলতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় “জলবায়ু-সহনশীল কলা চাষ ও সমন্বিত কৃষি ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের হলরুমে জাবারাং কল্যাণ সমিতি আয়োজিত এবং Tebtebba Foundation-এর সহায়তায় বাস্তবায়নাধীন “3197-ST-NRM (Revival of Traditional Crops and Sustainable Technologies for a Resilient Food System and Sustainable Natural Resources Management)” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাবারাং কল্যাণ সমিতির 3197-ST-NRM প্রকল্পের প্রজেক্ট অফিসার দয়ানাথ রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রানা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), মাটিরাঙ্গা উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নুর।

প্রশিক্ষণে প্রকল্পের ৩০ জন নারী ও পুরুষ সুবিধাভোগী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কলা চাষে আধুনিক ও জলবায়ু-সহনশীল প্রযুক্তির ব্যবহার, উন্নত জাত নির্বাচন, রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা, মাটির উর্বরতা সংরক্ষণ, জৈব সার প্রয়োগ, পানি ব্যবস্থাপনা এবং সমন্বিত কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি আজ বড় চ্যালেঞ্জের মুখোমুখি।

আধুনিক ও জলবায়ু-সহনশীল প্রযুক্তি গ্রহণের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। সমন্বিত কৃষি ব্যবস্থাপনা শুধু কৃষকের আয় বাড়াবে না, একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, কৃষি বিভাগ কৃষকদের প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ প্রদানের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কাজ করে যাচ্ছে এবং এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে জাবারাং কল্যাণ সমিতির 3197-ST-NRM প্রকল্পের প্রজেক্ট অফিসার দয়ানাথ রোয়াজার বলেন, প্রকল্পের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের কৃষকদের ঐতিহ্যবাহী ফসল পুনরুজ্জীবন, জলবায়ু-সহনশীল প্রযুক্তির ব্যবহার এবং টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার বিষয়ে সক্ষম করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়ন এবং খাদ্য ব্যবস্থাকে আরও সহনশীল করে তোলাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকরা জানান, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও প্রযুক্তি নিজেদের কৃষিজমিতে প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় তারা উপকৃত হবেন বলে আশা করছেন।

মন্তব্য লিখুন

আরও খবর