নকলায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ , ৭ আগস্ট ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নকলা উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে মুজাহিদুল ইসলাম (১৭ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজাহিদুল ইসলাম ধনাকুশা এলাকার মনিরুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন দম্পতির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হলে মায়ের কোলে থাকা শিশু মুজাহিদুল ছিটকে সড়কে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মঞ্জুরুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় সিএনজিতে থাকা নাহিদ হাসান (১৫) ও জাহানারা বেগম (৫৫) গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া নিহত শিশুর মা নিলুফা ইয়াসমিন (২৫), বাবা মনিরুল ইসলাম (৩০) এবং ফুরকান হামিদ (৩০) আহত হয়েছেন। তাদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, ধনাকুশা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটি জব্দ করে থানায় রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য লিখুন

আরও খবর