পাইকগাছায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৫৫০ চক্ষু রোগী

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ , ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খুলনার পাইকগাছায় প্রত্যন্ত এলাকার অসচ্ছল ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় ৫৫০ জন বিভিন্ন বয়সী রোগী বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি ছানি রোগীদের অপারেশনের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার কেজিএইচএফ ইউনাইটেড মৌখালী হাইস্কুলে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকার রোগীরা চিকিৎসাসেবা নিতে ভিড় করেন।

ক্যাম্পে চিকিৎসকেরা রোগীদের চোখ পরীক্ষা করে বিভিন্ন সমস্যার বিষয়ে পরামর্শ দেন। ছানি আক্রান্ত রোগীদের অপারেশনের প্রয়োজনীয়তা, প্রক্রিয়া ও পরবর্তী চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ করে দেওয়াই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আব্দুল মজিদ।

পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও তুষার কান্তি মণ্ডল।

এ সময় বক্তব্য দেন হাবিবুর রহমান, চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ সরদার, সাংবাদিক আলাউদ্দীন রাজা, আমিনুর রহমান সরদার ও রুহিন সরদার।

আয়োজকেরা জানান, পাইকগাছার প্রত্যন্ত এলাকার অনেক দরিদ্র মানুষ অর্থের অভাবে নিয়মিত চক্ষু চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে ছানি আক্রান্ত অনেক রোগীর অপারেশনের খরচ বহনের সামর্থ্য নেই। এসব মানুষের কথা বিবেচনা করেই বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং ছানি অপারেশনের সুযোগ করে দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

তাঁরা বলেন, চোখের সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে অনেক জটিলতা এড়ানো সম্ভব। তাই প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে চক্ষু চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা তাঁদের নাগালের মধ্যে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা বলেন, গ্রামের মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূরের হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া অনেকের জন্য ব্যয়বহুল ও কষ্টসাধ্য। স্থানীয়ভাবে চোখ পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ পাওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন। বিশেষ করে বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ দরিদ্র রোগীদের জন্য বড় সহায়তা হবে।

আয়োজকেরা আরও জানান, ভবিষ্যতেও পাইকগাছার প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য লিখুন

আরও খবর