পার্বত্য জেলা পরিষদে দলীয়করণের প্রতিবাদ এনসিপির, দ্রুত নির্বাচনের দাবি

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ , ২৬ আগস্ট ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা পরিষদে রাজনৈতিক দলীয়করণের অভিযোগ তুলে বর্তমান অন্তর্বর্তীকালীন পরিষদ ভেঙে দিয়ে দ্রুত নির্বাচিত পরিষদ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২৬ আগস্ট) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদকে কোনো রাজনৈতিক দলের প্রভাবাধীন প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং পার্বত্য অঞ্চলের জনগণের গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

এনসিপির দাবি, গত ২০ আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নিয়োগে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। বিশেষ করে বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক মত, সামাজিক শক্তি এবং দলীয় পরিচয়ের বাইরে থাকা জনগণের প্রতিনিধিত্ব কার্যত অনুপস্থিত রয়েছে বলে দলটি অভিযোগ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বৈচিত্র্যের কারণে জেলা পরিষদে বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি। যোগ্যতা, সততা, অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা ও স্থানীয় বাস্তবতাকে নিয়োগের ক্ষেত্রে বিবেচনায় নেওয়ার দাবি জানায় এনসিপি।

জেলা পরিষদ দীর্ঘদিন ধরে অনির্বাচিত ও মনোনীত ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত হওয়ায় জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচনের গণতান্ত্রিক অধিকার কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এনসিপি বলেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে অনির্বাচিত ও দলীয়ভাবে প্রভাবিত স্থানীয় প্রতিষ্ঠান কাম্য নয়। অন্তর্বর্তীকালীন পরিষদ সাময়িক প্রশাসনিক ব্যবস্থা হতে পারে, তবে তা নির্বাচিত জনপ্রতিনিধিত্বের বিকল্প হতে পারে না।

তাই খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে সরাসরি ও অবাধ নির্বাচন আয়োজনের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত যেকোনো অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় রাজনৈতিক আনুগত্যের পরিবর্তে যোগ্যতা, নিরপেক্ষতা, স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এনসিপি।

বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কোনো একক রাজনৈতিক দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের বিষয় নয়; এ অঞ্চলে বসবাসরত সব মানুষের অধিকার। তাই জেলা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়ন কার্যক্রমে সমান অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায়সঙ্গত প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন।

এনসিপি বর্তমান জেলা পরিষদগুলোর ‘রাজনীতিকীকরণ ও একতরফা নিয়োগের প্রবণতা’ প্রত্যাহার করে দ্রুত নির্বাচিত, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক পরিষদ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর