“ভোটের চেয়ে মানুষের ভালোবাসাই আমার বড় অর্জন”-মেয়র প্রার্থী ইমদাদ

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ , ৩১ আগস্ট ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মো. সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ড জুড়েই এখন নির্বাচনী আমেজ। দিন যত গড়াচ্ছে, প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণা ততই জমে উঠছে। এই নির্বাচনী লড়াইয়ে মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে সরব রয়েছেন বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী, সমাজসেবক ও যুবদল নেতা মো. ইমদাদুল হক ইমদাদ।

​বিগত প্রায় দুই মাস ধরে ধারাবাহিকভাবে প্রতিদিন পৌরসভার প্রতিটি ওয়ার্ডে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে সোমবার (৩১ আগস্ট) ৫ম দিনের মতো পৌর ১নং ওয়ার্ডের সীমান্তবর্তী ঐতিহ্যবাহী সাদীপুর গ্রামে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক পরিচালনা করেন এই প্রার্থী।
​
​সোমবার সকাল থেকেই দলীয় কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে সাদীপুর গ্রামের অলিতে-গলিতে ঘুরে বেড়ান ইমদাদুল হক ইমদাদ। প্রবীণদের সাথে আন্তরিক কুশল বিনিময়, তরুণদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং পথচারী ও মেহনতি মানুষের খোঁজখবর নেন তিনি। গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে নিজের সালাম পৌঁছে দেওয়ার পাশাপাশি আগামী দিনে পৌরসভার নাগরিক সেবা নিশ্চিতকরণের প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট তুলে দেন ভোটারদের হাতে।
​
​গণসংযোগকালে সাদীপুর গ্রামের সুশীল সমাজ ও সাধারণ অধিবাসীদের সাথে এক মতবিনিময়ে ইমদাদুল হক ইমদাদ বলেন, “ভোটের চেয়ে মানুষের ভালোবাসাই আমার বড় অর্জন। পৌরসভা মানে শুধু কর আদায় নয়, পৌরসভা মানে জনগণের দোড়গোড়ায় সুষম নাগরিক সেবা পৌঁছে দেওয়া।

সীমান্তবর্তী ১নং ওয়ার্ডের জলবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা এবং সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। আমি বিজয়ী হলে কোনো একক এলাকা নয়, বরং অবহেলিত গ্রামগুলোকে অগ্রাধিকার দিয়ে বেনাপোলকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বৈষম্যহীন ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তুলব।”

​​সাদীপুর গ্রামজুড়ে গণসংযোগকালে স্থানীয় অধিবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা যায়। সাধারণ ভোটাররা এই তরুণ ও উদ্যমী ব্যবসায়ী নেতাকে কাছে পেয়ে নিজেদের নানা ক্ষোভ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রবীণ ভোটারদের জড়িয়ে ধরে ইমদাদের দোয়া প্রার্থনা এবং সাধারণ মানুষের সাথে সহজ-সরল মেলামেশা নজর কাড়ে স্থানীয়দের।

​সচেতন মহলের মতে, দীর্ঘমেয়াদী গণসংযোগ এবং মাঠপর্যায়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে ইমদাদুল হক ইমদাদের অবস্থান দিন দিন আরও সুসংহত হচ্ছে। তরুণ এই সমাজসেবকের প্রতি সাধারণ মানুষের ইতিবাচক সাড়া আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

তারা বলেন, ইমদাদ আগে থেকেই পৌর এলাকায় সুপরিচিত। গণসংযোগকালে তাঁর প্রতি সাধারণ ভোটারদের, বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা লক্ষ্য করা গেছে। সাদীপুর গ্রামের সাধারণ মানুষ তার এই আন্তরিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এবং পরিবর্তন আনার লক্ষ্যে তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন।

​পৌর এলাকার সচেতন মহলের মতে, ইমদাদের এই ধারাবাহিক ও গণমুখী প্রচারণা তাকে নির্বাচনী দৌড়ে অনেকটা এগিয়ে রাখছে। ৯টি ওয়ার্ডেই তার জনপ্রিয়তা বেড়েই চলেছে, যা আসন্ন নির্বাচনে এক বড় ধরণের চমক নিয়ে আসতে পারে।

সাদীপুরের ৫ম দিনের প্রচারনায় পূর্বের নেতৃবৃন্দ,কর্মী/সমর্থক সহ সাদীপুর গ্রামের যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর