ত্রিশালকে ফাইনালে তুলল দুর্দান্ত জয়, সদরকে হারাল ৩-০ গোলে

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ , ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সেমিফাইনালে ময়মনসিংহ সদর উপজেলা দলকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ত্রিশাল উপজেলা ফুটবল দল। দুর্দান্ত এ জয়ে শিরোপা জয়ের আরও এক ধাপ কাছে পৌঁছে গেছে ত্রিশাল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ত্রিশাল। একের পর এক আক্রমণে সদর উপজেলার রক্ষণভাগকে চাপে রাখে দলটি। শেষ পর্যন্ত তিনটি গোল করে বড় জয় নিশ্চিত করে ত্রিশাল।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ময়মনসিংহ সদর উপজেলা ও গৌরীপুর উপজেলা দল।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে জেলার ১৪টি দল অংশ নিচ্ছে। ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল’ এবং ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এ ধরনের স্লোগানকে সামনে রেখে আয়োজিত হয়েছে এবারের আসর।

নকআউট পদ্ধতিতে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল আগামী ৪ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফাইনালে শিরোপার জন্য মাঠে নামবে ত্রিশাল উপজেলা দল।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা ও ট্রফি দেওয়ার ঘোষণা রয়েছে।

সদরকে ৩-০ গোলে হারিয়ে ত্রিশালের ফাইনালে ওঠার খবরে খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

এখন ফাইনালে শিরোপা জয়ের প্রত্যাশায় রয়েছেন ত্রিশালের খেলোয়াড় ও সমর্থকেরা। দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্ট শেষ করতে চায় ত্রিশাল।

মন্তব্য লিখুন

আরও খবর