নেত্রকোণায় শীর্ষ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ , ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান,নেত্রকোণাঃ নেত্রকোণায় পৃথক অভিযানে শীর্ষ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে মোট ৪ হাজার ২১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে জেলার কেন্দুয়া ও ময়মনসিংহের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নয়ন মিয়া (২৮), দুর্গাপুর উপজেলার বাকৈরগড়া ইউনিয়নের বায়রাউড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে রাকিব খান (২২) এবং কলমাকান্দা উপজেলার বরুয়াকোণা গ্রামের মৃত সাইদুল হকের ছেলে মো. হুমায়ুন রশিদ সবুজ (৩৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নের রামপুর গ্রামে অভিযান চালিয়ে নয়ন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কেন্দুয়া থানার এসআই ফজলু মিয়া বাদী হয়ে নয়ন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা দল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে রাকিব খান ও হুমায়ুন রশিদ সবুজকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ২১ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় ডিএনসির এসআই আলী আজগর বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।