• দেশজুড়ে প্রধান সংবাদ
  • ভৈরব নদীতে বিজিবির মৎস্য পোনা অবমুক্তকরণ: জীববৈচিত্র্য সংরক্ষণে যৌথ উদ্যোগের আহ্বান

ভৈরব নদীতে বিজিবির মৎস্য পোনা অবমুক্তকরণ: জীববৈচিত্র্য সংরক্ষণে যৌথ উদ্যোগের আহ্বান

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ , ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- দেশের প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ভৈরব নদীতে দেশীয় প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর রিজিয়ন সদরের উদ্যোগে জনস্বার্থে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও নদীতে পোনা অবমুক্ত করেন বিজিবি যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি।

​পোনা অবমুক্তকরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন, “জাতীয় অর্থনীতি ও জনগণের জীবনযাত্রায় মৎস্য সম্পদের ভূমিকা অপরিসীম।

দেশের উন্মুক্ত জলাশয়ে মাছের বংশবৃদ্ধি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।” তিনি মৎস্য সম্পদ সংরক্ষণ এবং যেকোনো ধরনের অবৈধ মাছ শিকার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

​তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত নিরাপত্তার মূল দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি সর্বদা সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরবর্তীতে দেশ, জাতি ও বিজিবির সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

​দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, বিজিওএম, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্তব্য লিখুন

আরও খবর