• অপরাধ ঢাকা
  • ঠাকুরগাঁওয়ে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির বিপুল পরিমাণ ওষুধ ও পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁওয়ে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির বিপুল পরিমাণ ওষুধ ও পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
ছবি- সময়ের আবর্তন।

জাহিরুল ইসলাম রনি,‎​ঠাকুরগাঁও: ‎ঠাকুরগাঁও শহরে ওষুধের দোকানে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। এ ঘটনায় চুরি হওয়া বিপুল পরিমাণ ওষুধ, চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ গভীর রাতে (আনুমানিক রাত ০৩.৩০ টার মধ্যে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার কেশববাড়ী এলাকার বাসিন্দা কল্যাণ চন্দ্র দেবনাথ (৩৮)-এর ওষুধের দোকান থেকে আনুমানিক ১৭ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের দামী ওষুধ চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোর চক্র। এ ঘটনায় দোকান মালিক ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে একটি মামলা রুজু করা হয়।
‎
‎​ঘটনার গুরুত্ব বিবেচনায় ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় ঘটনাস্থল পরিদর্শন ও বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ৩ প্রধান আসামিকে শনাক্ত করা হয়।

আসামিরা হলেন— বগুড়ার শিবগঞ্জ এলাকার মৃত বাবু মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া (৩২), গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৬০) এবং নরসিংদীর বেলাব এলাকার মৃত আজম আলীর ছেলে মোঃ বিল্লাল হোসেন (৫৫)।

পরবর্তীতে ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বগুড়া, গাইবান্ধা ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দিনাজপুরের ১০ মাইল এলাকা থেকে ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সাথে তাদের হেফাজত থেকে চুরি কাজে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়।
‎
‎​গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চুরি করা ওষুধগুলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বোয়ালিয়া এলাকার বঙ্কিম চন্দ্র সরকারের ছেলে শিখর চন্দ্র সরকার (৩০)-এর কাছে বিক্রি করেছিল।

সেই তথ্যের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর তারিখেই গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শিখর চন্দ্র সরকারকে নিজ দোকান থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার বসতবাড়ি ও গোবিন্দগঞ্জ বাজারের দোকানে অভিযান চালিয়ে চুরিকৃত বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়।
‎
‎​পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি রাজু মিয়া, জাহাঙ্গীর হোসেন ও বিল্লাল হোসেন আন্তঃবিভাগীয় সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

‎অতিরিক্ত পুলিশ সুপার খোদাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন,ঘটনার সাথে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কিনা এবং চুরির ঘটনার অন্যান্য বিষয় খতিয়ে দেখতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর