• চট্রগ্রাম দেশজুড়ে
  • সাজেকে স্কুলছাত্রী আহতের প্রতিবাদে গুইমারা-মানিকছড়িতে পিসিপির বিক্ষোভ

সাজেকে স্কুলছাত্রী আহতের প্রতিবাদে গুইমারা-মানিকছড়িতে পিসিপির বিক্ষোভ

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
ছবি- সময়ের আবর্তন।

রাঙামাটির সাজেকের মাচলং নোয়াপাড়া এলাকায় গুলিতে তৃতীয় শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারা ও মানিকছড়িতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ও দুপুরে পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানিকছড়িতে সকাল ১১টায় উপজেলা সদরের ধর্মঘর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজের সামনে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

অন্যদিকে, গুইমারায় দুপুর ২টায় বৃষ্টির মধ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানিকছড়ির সমাবেশে বক্তব্য দেন পিসিপির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক অংহ্লাচিং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের মানিকছড়ি উপজেলা সহসভাপতি সুইজাই মারমা ও শিক্ষার্থী উক্রাচিং মারমা। গুইমারার কর্মসূচিতে বক্তব্য দেন পিসিপির গুইমারা উপজেলা শাখার সভাপতি নিকেল চাকমা ও খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তৃষ্ণাঙ্কর চাকমা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাজেকের মাচলং নোয়াপাড়া এলাকায় গুলির ঘটনায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংঘাত বন্ধ এবং সংশ্লিষ্ট সব পক্ষের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে সেনাবাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন তারা।

পরে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলে কয়েকটি কুশপুত্তলিকা দাহ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা।

মন্তব্য লিখুন

আরও খবর