পবিপ্রবি’র ভিসি হলেন অধ্যাপক রফিকুল ইসলাম

প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ , ২৫ সেপ্টেম্বর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

এম আমির হোসাইন,পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যাঞ্চেলর পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক। আগামী ৪ বছরের মেয়াদে ৫টি শর্তে প্রেষণে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারিকৃত এবং উপসচিব মোছা. রোখছানা বেগম’র স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যাঞ্চেলর’র অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে এ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যাঞ্চেলর পদে নিয়োগ করা হলো।

নিয়োগ দেওয়ার ৫ শর্ত হচ্ছে-ভাইস-চ্যাঞ্চেলর পদে যোগদানের তারিখ থেকে তার মেয়াদকাল ৪ বছর হবে। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী তিনি অন্যান্য সুবিধাও ভোগ করবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যাঞ্চেলর প্রয়োজনে যেকোনো সময়ে এ নিয়োগ বাতিল করতে পারবেন।