লাকড়ি আনতে গিয়ে বৃদ্ধের মৃত্যু কেন্দুয়ায় বিয়ে বাড়িতে বিষাদের ছায়া

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

মজিবুর রহমান,কেন্দুয়া :নেত্রকোণার কেন্দুয়ায় ছেলের বউভাত অনুষ্ঠানে রান্নাবান্না কাজে লাকড়ি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্বনাথ খা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুতে নিমেষেই সব ওলট-পালট হয়ে গেছে। খুশির বদলে বাড়িতে চলছে শোকের মাতম।

এঘটনাটি শনিবার (২৮ সেপ্টেম্বর ) দুপুর ১ টার দিকে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমাউড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

কুমাউড়া গ্রামের বাসিন্দা ও বলাইশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক জানান, কিশোর বয়সেই বিশ্বনাথ খা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। মুসলিম পরিবারে বিয়ে করে দাম্পত্যজীবন গড়ে তোলেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিন ছেলে রহমত উল্লাহকে বিয়ে করিয়ে নতুন বউ বাড়িতে এনেছিল নিহত বিশ্বনাথ খা। শনিবার (২৮ সেপ্টেম্বর) ছিল ছেলের বউভাত অনুষ্ঠান। মোটামুটি ৪/৫ শত মানুষের খানাপিনার আয়োজন ছিল। সকাল থেকেই রান্নাবান্নার কাজ চলছিল।

দুপুরের দিকে রান্নার জন্য লাকড়ি আনতে গোয়ালঘরে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ খা’র মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে জানান কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

মন্তব্য লিখুন

আরও খবর