শ্রীমঙ্গলে ২ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য মহরম আলী ও রশিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

আসামীরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার দুর্গানগর গ্রামের মৃত আব্দুল মতিন ছেলে মো. মহরম আলী (৩৭) ও একই উপজেলার গুলগাঁও গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে রশিদ মিয়া (২৭)।

গত (১৭ অক্টোবর) রাতে পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুদীপ্ত শেখর ভট্টাচার্যসহ শ্রীমঙ্গল থানা পুলিশ গুলগাঁও ও দুর্গানগর গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।

থানা সুত্রে জানা যায়, চলতি বছরের ৩১ আগস্ট রাত ২টার দিকে ৪নং সিন্দুরখান ইউনিয়নের অন্তর্গত লাহারপুর বিহারী বস্তি গ্রামের আব্দুর রশিদের বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা আব্দুর রশিদসহ তার ছেলে ও স্ত্রীকে মারপিট করে গুরুতর জখম করে এবং স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ১১ লক্ষ ৬৯হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় থানায় ডাকাতি মামলা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, ‘এর আগে এই মামলায় চান্দু মিয়া নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার গ্রেফতারকৃত দুইজনসহ অন্যান্য কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে নিয়ে এসে ডাকাতির ঘটনাটি ঘটিয়েছে মর্মে পূর্বে গ্রেফতারকৃত আসামী চান্দু মিয়া তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছিল।’