• চট্রগ্রাম দেশজুড়ে
  • অগ্নিকাণ্ডে গৃহহীন প্রেম বিকাশ ত্রিপুরা ও সুচরিতা ত্রিপুরা দম্পতিকে নতুন ঘর হস্তান্তর

অগ্নিকাণ্ডে গৃহহীন প্রেম বিকাশ ত্রিপুরা ও সুচরিতা ত্রিপুরা দম্পতিকে নতুন ঘর হস্তান্তর

প্রকাশিত: ৪:৩৪ পূর্বাহ্ণ , ২৪ মার্চ ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাঁচ মাইল যৌথ খামার পাড়ার বাসিন্দা প্রেম বিকাশ ত্রিপুরা ও সুচরিতা ত্রিপুরা দম্পতির বসতঘর গত ৯ ফেব্রুয়ারি আকস্মিক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে যায়। এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও অদুল-অনিতা ট্রাস্ট।

প্রায় দেড় মাস পর তাদের জন্য নির্মিত নতুন ঘর রবিবার (২৩ মার্চ) বিকেলে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।

এই উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, পেরাছড়া পূর্ব আঞ্চলিক শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক অজয় ত্রিপুরা (অনিল)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য নির্মল ত্রিপুরা, ৪ মাইল পাড়ার কার্বারী বিকাশ চন্দ্র ত্রিপুরা, পাঁচ মাইল যৌথ খামার পাড়ার কার্বারী সুবল ময় ত্রিপুরা, কালাপানি ছড়ার কার্বারী বরেন্দ্র লাল ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, পেরাছড়া পূর্ব আঞ্চলিক শাখার সহ-সভাপতি সনজিত ত্রিপুরা, সদস্য পতেন ত্রিপুরা, সাবেক অর্থ সম্পাদক (টিএসএফ কেন্দ্রীয় কমিটি) ময়ন ত্রিপুরা, সমাজসেবক প্রবীর ত্রিপুরা, কামিনী পাড়ার কার্বারী বিপ্লব ভূষণ ত্রিপুরা, ৬ মাইল নতুন পাড়ার কার্বারী স্বপন কুমার ত্রিপুরা প্রমুখ।

ঘর হস্তান্তরকালে ধনেশ্বর ত্রিপুরা বলেন, “অল্প সাহায্যের পরেও এত সুন্দর একটি ঘর নির্মাণ সম্ভব হয়েছে এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায়। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই কাজে।” এরপর তিনি প্রেম বিকাশ ত্রিপুরা ও সুচরিতা ত্রিপুরা দম্পতিকে পাটিশন তৈরির জন্য আরও নগদ ৫,০০০ টাকা অনুদান প্রদান করেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, নতুন ঘর নির্মাণের পেছনে অজয় ত্রিপুরা (অনিল) অক্লান্ত পরিশ্রম করেছেন। ঘটনার পরপরই তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তার জন্য পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর দরখাস্ত করেন।

নতুন ঘর পেয়ে আনন্দিত প্রেম বিকাশ ত্রিপুরা ও সুচরিতা ত্রিপুরা দম্পতি। তারা দাতাসংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।