"১৩% থেকে ৯৩%"

এক বছরেই ঘুরে দাঁড়াল কেন্দুয়ার সাজিউড়া উচ্চ বিদ্যালয়

প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ , ১০ আগস্ট ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান,নেত্রকোনা: গত বছরের হতাশাজনক ফলাফলকে পেছনে ফেলে এবার এসএসসি পরীক্ষায় চমক দেখিয়েছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাজিউড়া উচ্চ বিদ্যালয়।

২০২৫ সালে মাত্র ১৩ শতাংশ পাসের হার নিয়ে উপজেলার সর্বনিম্ন ফলাফল করা প্রতিষ্ঠানটি এক বছরের ব্যবধানে পাসের হার বাড়িয়ে ৯৩ শতাংশের বেশি করেছে। এ ফলাফলে বিদ্যালয়টি উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

গতকাল সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে বিদ্যালয় প্রাঙ্গণে মিষ্টিমুখ ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ফল প্রকাশের পর বিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়ে। এরপর ফলাফল উন্নয়নে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা বিশেষ উদ্যোগ নেন।

নিয়মিত ক্লাস, শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ, বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া (হোম ভিজিট) এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার উদ্যোগ নেওয়া হয়।

এর ফলও মিলেছে এবারের এসএসসি পরীক্ষায়। ২০২৬ সালে বিদ্যালয়টি থেকে ৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪০ জন উত্তীর্ণ হয়েছে। এতে পাসের হার দাঁড়িয়েছে ৯৩ শতাংশের বেশি।

এক বছরের ব্যবধানে ফলাফলের এমন ব্যাপক উন্নতিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পাশাপাশি ফিরে এসেছে আত্মবিশ্বাস।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলাম বলেন, “শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা, নিয়মিত পাঠদান এবং নিবিড় তদারকির ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।”

মন্তব্য লিখুন

আরও খবর