কেন্দুয়া-আটপাড়ার শিক্ষার্থীদের বিশ্বমুখী করতে হিলালীর ইংলিশ এক্সিলেন্স

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ , ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমানঃ কেন্দুয়া-আটপাড়ার শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার উপযোগী করার লক্ষ্যে শুরু হয়েছে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স-২০২৬’ কর্মসূচি।

নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর নিজস্ব অর্থায়নে এ শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) কেন্দুয়া পৌরশহরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে মেয়েদের চারটি ব্যাচ এবং সায়মা শাহজাহান একাডেমিতে ছেলেদের তিনটি ব্যাচে কর্মসূচির প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়।

ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের দুটি গ্রুপে ভাগ করে কোর্সটি পরিচালনা করা হচ্ছে।

কোর্সে ইংরেজি ভাষার মৌলিক চার দক্ষতা, লিসেনিং, স্পিকিং, রিডিং ও রাইটিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্ধারিত সিলেবাস অনুযায়ী তিন মাসে কোর্সটি শেষ করার পরিকল্পনা রয়েছে।

তবে শিক্ষার্থীদের প্রয়োজন ও অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে।

এর আগে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা হয়। পরে মেধাক্রম নির্ধারণের জন্য নেওয়া হয় বাছাই পরীক্ষা।

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর কবি মোমেন এইচ বলেন,ড. রফিকুল ইসলাম হিলালীর লক্ষ্য, কেন্দুয়া-আটপাড়ার শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করে দেশের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের আন্তর্জাতিক সুযোগ কাজে লাগাতে সক্ষম হবে।

এর আগে কর্মসূচির ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও এলডিসি মুন মুন জাহান লিজাসহ অন্য অতিথিরা।

প্রোগ্রাম কো-অর্ডিনেটর কবি মোমেন এইচ বলেন, বর্তমান বিশ্বে ইংরেজি ভাষায় দক্ষতা শিক্ষা, প্রযুক্তি, চাকরি ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু প্রত্যন্ত এলাকার অনেক শিক্ষার্থী পর্যাপ্ত সুযোগ ও প্রশিক্ষণের অভাবে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে পারে না।

সেই ঘাটতি পূরণের জন্য এমপি মহোদয়ের এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক অবস্থায় কেন্দুয়া উপজেলার ৬৮০ জন শিক্ষার্থী নিয়ে দুটি ভেনুতে ৭টি ব্যাচে ক্লাস শুরু হয়েছে। খুব শীঘ্রই আটপাড়া উপজেলায় কার্যক্রম শুরু হবে।

কোর্সে অংশ নেওয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিক্তা আক্তার বলে, ‘ইংরেজিতে কথা বলা ও লেখার ক্ষেত্রে আমাদের অনেকেরই জড়তা আছে। আজ প্রথম ক্লাস করেছি। ভালো লেগেছে। নিয়মিত ক্লাসের মাধ্যমে এই ভয় কাটিয়ে আত্মবিশ্বাসী হতে চাই।

স্থানীয় শিক্ষক মো. গোলাম মস্তুফা বলেন, ‘শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে তুলতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। নিয়মিত প্রশিক্ষণ পেলে তারা ভবিষ্যতে আরও ভালো করতে পারবে।

দ্বিপাল চন্দ্র দাস বলেন, আমার ভাতিজি ( বড় ভাইয়ের মেয়ে) নিয়ে এসেছি। কার্যক্রমে ছেলে ও মেয়েদের আলাদা করায় ভালো হয়েছে। সন্তানদের ইংরেজি শেখানোর জন্য আলাদা কোচিং করানোর সামর্থ্য অনেক পরিবারের নেই। এমপি মহোদয়ের বিনামূল্যে এমন সুযোগ তৈরি দেওয়া কৃতজ্ঞ আমরা।

সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙালী বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মজীবনের সম্ভাবনা আরও বিস্তৃত হবে। আজকের এই উদ্যোগ থেকেই একদিন বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করার মতো দক্ষ এক প্রজন্ম গড়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করায় শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ।

মন্তব্য লিখুন

আরও খবর