
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খাগড়াছড়িতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং এলপি গ্যাসের মূল্য তদারকিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) খাগড়াছড়ি জেলা শাখা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে এ সংক্রান্ত স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— সকল পণ্যের ক্রয় রশিদ বাধ্যতামূলক করা, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে বাজার মনিটরিং জোরদার করা এবং এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা।
স্মারকলিপিতে বলা হয়, পূর্ববর্তী বছরগুলোর অভিজ্ঞতায় দেখা গেছে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এর অন্যতম কারণ হিসেবে পাইকারি ও খুচরা পর্যায়ে পণ্যের বৈধ ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং প্রশাসনের পক্ষে প্রকৃত ক্রয়মূল্য যাচাইয়ে জটিলতার বিষয়টি উল্লেখ করা হয়।
এ অবস্থায় রমজান মাসে সকল ব্যবসায়ীর জন্য পাইকারি ও খুচরা পর্যায়ে পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটির মতে, এতে বাজারে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়ক হবে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং কৃষি বিপণন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি সংস্থা পৃথকভাবে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। ফলে কিছু এলাকায় একাধিক সংস্থার উপস্থিতি থাকলেও কিছু এলাকা নজরদারির বাইরে থেকে যায়।
এই প্রেক্ষাপটে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরিকল্পিত ও সমন্বিত একটি যৌথ বাজার মনিটরিং টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। সংগঠনটির দাবি, সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হলে জেলার সর্বত্র কার্যকর নজরদারি নিশ্চিত করা সম্ভব হবে।
স্মারকলিপিতে এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থায় অনিয়মের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনটির অভিযোগ, কিছু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছে। জরিমানা করা হলেও তা প্রতিরোধমূলক ভূমিকা রাখছে না বলেও উল্লেখ করা হয়।
এ বিষয়ে নির্ধারিত মূল্য কঠোরভাবে বাস্তবায়ন, নিয়মিত তদারকি এবং গুরুতর অনিয়মের ক্ষেত্রে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সিআরবি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ বলেন, রমজান মাসে সাধারণ মানুষ যেন অতিরিক্ত দামের চাপে না পড়েন, তা নিশ্চিত করা জরুরি। বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।
এসময় সংগঠনের জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসনের কার্যকর উদ্যোগের মাধ্যমে রমজান মাসে খাগড়াছড়ির বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং ভোক্তারা স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত