খাগড়াছড়িতে শিশু অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ , ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়িতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও ব্যবস্থাপনা এবং মাতৃস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘অ্যাকসেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে, জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।

খাগড়াছড়ি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদারের সভাপতিত্বে প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সুমতি বিকাশ চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতু দেওয়ান এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক অংক্যজাই মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাবারাং কল্যাণ সমিতির উপজেলা কো-অর্ডিনেটর মিহির কান্তি ত্রিপুরা।

প্রশিক্ষণে খাদ্য ও পুষ্টি, কৈশোরকালীন ও মাতৃপুষ্টি, শিশুর পুষ্টি ও অপুষ্টি, খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাবার ও পানি এবং পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি শনাক্তকরণে মধ্যবাহুর পরিধি (MUAC) পরিমাপ, ইডিমা নির্ণয়, দৈর্ঘ্য ও উচ্চতা পরিমাপের মাধ্যমে জেড-স্কোর নির্ধারণ, মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুকে রেফারেল, ব্যবস্থাপনা এবং পরিবার পর্যায়ে ফলোআপ বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের অংশ হিসেবে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়। পাশাপাশি মাঠপর্যায়ে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর