• অপরাধ খুলনা
  • চৌগাছায় একের পর এক মাদক উদ্ধার, প্রশংসায় ভাসছেন পুলিশ কর্মকর্তা রাজু

চৌগাছায় একের পর এক মাদক উদ্ধার, প্রশংসায় ভাসছেন পুলিশ কর্মকর্তা রাজু

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ , ২৪ জুন ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহীন সোহেল চৌগাছাঃ যশোরের চৌগাছায় মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আলোচনায় এসেছেন চৌগাছা থানার এসআই (নিঃ) জি.এম. ইমরান হোসেন রাজু। তাঁর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে আবারও ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাত ১০টা ৫০ মিনিটের দিকে এসআই (নিঃ) জি.এম. ইমরান হোসেন রাজু সঙ্গীয় ফোর্সসহ চৌগাছা থানার গুয়াতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গুয়াতলী-বাদেখানপুর সড়কের পাশে একটি পাটক্ষেতের নিকট থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চৌগাছা উপজেলার পশ্চিম কারিকরপাড়া গ্রামের আবু জাফর (৩৭) এবং ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর (শেখপাড়া) গ্রামের সিরাজুল ইসলাম (৩৩)।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এসআই রাজুর নেতৃত্বে ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের ফলে চৌগাছা এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। একের পর এক মাদক উদ্ধার ও আসামি গ্রেফতারের ঘটনায় তাঁর তৎপরতা সাধারণ মানুষের কাছেও প্রশংসিত হচ্ছে।

চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর