• অপরাধ ময়মনসিংহ
  • জাল প্রত্যয়নপত্রে এনআইডি করতে এসে ধরা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জাল প্রত্যয়নপত্রে এনআইডি করতে এসে ধরা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ , ৫ জুলাই ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ময়মনসিংহের ত্রিশালে জাল প্রত্যয়নপত্র ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তার এনআইডির আবেদন বাতিল করা হয়েছে।

রোববার (৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধানীখোলা ইউনিয়নের মো. ইস্রাফিল মিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নতুন এনআইডির জন্য আবেদন করেন।

আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া জন্মতারিখ-সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের সময় নির্বাচন কর্মকর্তার সন্দেহ হলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, আবেদনের সঙ্গে সংযুক্ত জন্মতারিখ-সংক্রান্ত প্রত্যয়নপত্র ও অন্যান্য সনদ জাল।

প্রাথমিক তদন্তে জানা যায়, টাকার বিনিময়ে স্থানীয় একটি কম্পিউটারের দোকান থেকে প্রতিষ্ঠানের লোগো, সিল ও স্বাক্ষর জাল করে এসব প্রত্যয়নপত্র তৈরি করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা পরিষদের সামনে নোমান প্লাজায় অবস্থিত সংশ্লিষ্ট কম্পিউটারের দোকানে অভিযান চালানো হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দোকান মালিক দোকান খোলা রেখেই পালিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইস্রাফিল মিয়া জাল কাগজপত্র ব্যবহার করে এনআইডির আবেদন করার বিষয়টি স্বীকার করেন।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে অর্থদণ্ড দেন এবং তার এনআইডির আবেদন বাতিল করেন। একই সঙ্গে নোমান প্লাজার অন্যান্য কম্পিউটার দোকান মালিকদের জাল সনদ বা প্রত্যয়নপত্র তৈরি থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি নথি জালিয়াতি ও জাল সনদ তৈরির সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।