জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ , ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খুলনার পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে উন্নয়ন সহায়তার বরাদ্দপত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। আয়োজক সূত্রে জানা যায়, বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রায় তিন হাজার রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচ শতাধিক ছানি রোগীকে অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে। এছাড়া প্রত্যেক রোগীকে এক মাসের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

পরে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় দুই হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগিয়ে পরিচর্যার আহ্বান জানান তিনি।

একই দিন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অনুকূলে খুলনা জেলা পরিষদের প্রায় ২ কোটি ৯৮ লাখ টাকার উন্নয়ন সহায়তার বরাদ্দপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় জেলা পরিষদ ধারাবাহিকভাবে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপি নেতা শামীম কবির, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর