তানোরে সরকারি রাস্তার শতবর্ষী গাছ কর্তনের অভিযোগ 

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ , ২৭ জুলাই ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ বকুল হোসেন রাজশাহী(তানোর): রাজশাহীর তানোরে সরকারি রাস্তার শতবর্ষী চাম কড়াই গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় উপজেলার চোরখৈর গ্রামের সিরাজুল ইসলাম নামের একব্যক্তি বাদি হয়ে বিল্লি গ্রামের গাছ কর্তন কারী মনির ও খিকটা গ্রামের শুকুরকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে উপজেলার বিল্লি মৌজায় গাছ কাটার ঘটনাটি ঘটে। সিরাজুল অভিযোগে উল্লেখ করেন, উপজেলার কলমা ইউনিয়ন ইউপির বিল্লি মৌজায় সরকারি রাস্তায় প্রায় শতবর্ষী চাম কড়াই গাছ ছিল।

কিন্তু বিল্লী গ্রামের মনির ও  শুকুর ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি রাস্তায় থাকা গাছ কেটে ৪০ হাজার টাকায় বিক্রি করেন। কিন্তু তৎক্ষনাৎ অভিযোগ পাওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান তহশিলদার সাজ্জাদ হোসেন কে নির্দেশ দিয়ে ঘটনাস্থল থেকে গাছটি জব্দ করেন।

বর্তমানে গাছটি জব্দ করে রাখা রয়েছে। গাছ কাটার ঘটনায় তহশিলদার সাজ্জাদ হোসেন কে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তবে অভিযুক্ত মনির ও শুকুর জানান, আমাদের জায়গার উপরে গাছটি ছিল। এজন্য কাটা হয়েছে বলে দায় সারেন। স্থানীয়রা জানান, প্রায় শতবর্ষী গাছটি কাটার কারনে ওই এলাকা খা খা করছে। এতবড় গাছ কাটতে সরকারের কোন নিয়মের তোয়াক্কা করেননি মনির।

গাছ কাটার জন্য তাদের শাস্তি হওয়া দরকার। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন,অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল থেকে গাছটি জব্দ করা হয়েছে ,তহশিলদার কে তদন্ত  করে রির্পোট দিতে বলা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।