• ময়মনসিংহ শীর্ষ সংবাদ
  • তাসাউফের সমাজ প্রতিষ্ঠা হলে মাদক-জুয়ার অন্ধকার থেকে মুক্তি মিলবে : হাওলাপুরী পীর সাহেব

তাসাউফের সমাজ প্রতিষ্ঠা হলে মাদক-জুয়ার অন্ধকার থেকে মুক্তি মিলবে : হাওলাপুরী পীর সাহেব

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ , ৪ অক্টোবর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 days আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান: চট্টগ্রামের হাওলাপুরী দরবার শরীফের পীর হযরত মাওলানা আলহাজ্ব সৈয়দ নঈমূল কুদ্দুছ আকবরী (মা.জি.আ.) বলেছেন, তাসাউফের সমাজ প্রতিষ্ঠা হলে মাদক, জুয়া ও নানা সামাজিক অনাচারের অন্ধকার থেকে মানুষকে মুক্ত করা সম্ভব হবে।

মানুষের বাহ্যিক পরিবর্তনের চেয়ে অন্তরের পরিবর্তন বেশি জরুরি। মানুষের অন্তর শুদ্ধ হলে নফসের খারাপ প্রবৃত্তি নিয়ন্ত্রণে আসে, অন্যায়ের প্রতি আকর্ষণ কমে এবং মানুষের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত হয়।

গতকাল শনিবার ( ৩ অক্টোবর) রাতে নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরের চকপাড়াস্থ খানকা শরীফে ময়মনসিংহের পূর্বাঞ্চলে তাঁর দীর্ঘ দুই মাসের সফর সমাপ্তি উপলক্ষে আয়োজিত শোকরানা মাহফিলে নসিহতকালে তিনি এসব কথা বলেন।

হাওলাপুরী পীর সাহেব বলেন, মাদক ও জুয়া মানুষের বিবেককে ধ্বংস করে, পরিবারকে বিপথে নেয় এবং সমাজে অশান্তি সৃষ্টি করে। এসব থেকে মুক্তি পেতে হলে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, মানুষের অন্তরকে জাগ্রত করতে হবে।

তিনি আরও বলেন, তাসাউফ হলো আত্মশুদ্ধির পথ। নিজের নফসকে দমন করা, অহংকার ও লোভ থেকে মুক্ত থাকা এবং সৃষ্টির প্রতি ভালোবাসা সৃষ্টি করাই তাসাউফের শিক্ষা। এই শিক্ষা মানুষের জীবনে প্রতিষ্ঠিত হলে সমাজে অন্যায়, অবিচার ও অনাচার অনেকটাই কমে আসবে।

তিনি বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও জুয়ার ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

পীর সাহেব বলেন, মানুষের অন্তরে আলো জ্বালাতে পারলে সমাজের অন্ধকার দূর হবে। মানুষ বদলালে পরিবার বদলাবে, পরিবার বদলালে সমাজ বদলাবে। আর এভাবেই মাদক-জুয়ামুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি মাদক, জুয়া ও সব ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দরবারের সকল মুরিদান, আশেকান, ভক্তবৃন্দসহ সমাজের সচেতন মানুষের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ‘তাসাউফ ভুক্ত সমাজ এবং নেশা, জুয়া ও মাদকমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে টানা দুই মাস ধরে পূর্ব ময়মনসিংহের কেন্দুয়া, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, নেত্রকোনা সদর, মোহনগঞ্জ, আটপাড়া, মদন এবং কিশোরগঞ্জের তাড়াইল, ইটনা, মিঠামইনসহ বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক মাহফিলে নসিহত পেশ করেছেন হাওলাপুরী পীর।