নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:৩৫ পূর্বাহ্ণ , ২৯ জুলাই ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
সংগৃহীত ছবি।

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে ফতুল্লার ইসদাইর মন্দির-সংলগ্ন কামাল হাজীর ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু হানিফের লাশ উদ্ধার করা হয়।

তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, আবু হানিফ বাকপ্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে ইসদাইরে একটি বাসায় ভাড়া থাকতেন। অসুস্থতার কারণে তিনি পাঁচ দিনের ছুটিতে ছিলেন। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, আবু হানিফ একজন সহকারী উপ-পুলিশ পরিদর্শক। তিনি ১৯৯৬ সালে পুলিশ সদস্য হিসেবে যোগদান করেন।

তিনি নারায়ণগঞ্জে যোগদান করেছেন ২০২৪ সালের ১১ নভেম্বর। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর