নেত্রকোণায় ঠিকাদারের গাফিলতি, ধান নিয়ে বিপাকে কৃষক

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ , ৪ মে ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান,নেত্রকোণা : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় হাওর পাড়ের একটি গুরুত্বপূর্ণ রাস্তা খুঁড়ে রেখে উধাও হয়েছেন ঠিকাদার। এতে বোরোধান পরিবহন নিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ফাগুয়া গ্রাম থেকে উকিলবাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার পিচঢালাই কাজের টেন্ডার হয় কয়েক বছর আগে। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে কাজটির দায়িত্ব পান ঠিকাদার এম এ ওয়াহেদ। দীর্ঘদিন ঝুলে থাকার পর কয়েক মাস আগে কাজ শুরু হলেও রাস্তা খুঁড়ে ফেলে রেখে আর কোনো অগ্রগতি হয়নি।

স্থানীয়রা জানান, রাস্তা খোঁড়ার পর বালু দিয়ে ভরাটের উদ্যোগ নেওয়া হলেও অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এতে কাজ বন্ধ হয়ে যায়। এদিকে সাম্প্রতিক বৃষ্টিতে খোঁড়া রাস্তা পানিতে ডুবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

ফলে হাওর থেকে বোরোধান কেটে ঘরে তোলা ও বাজারে নেওয়া—দুইই কঠিন হয়ে পড়েছে কৃষকদের জন্য। বাধ্য হয়ে তারা কম দামে হাওরেই পাইকারদের কাছে ধান বিক্রি করছেন।
এ বিষয়ে ঠিকাদার এম এ ওয়াহেদ বলেন, বালু সংকটের কারণে কাজ বন্ধ রয়েছে।

স্থানীয়ভাবে বালু সরবরাহের কথা থাকলেও সময়মতো তা পাওয়া যায়নি। বৃষ্টি কমলে বালু সংগ্রহ করে দ্রুত কাজ শুরু করা হবে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী ইকরামুল হোসেন বলেন, বৃষ্টি শুরুর আগে ঠিকাদার আমাদের না জানিয়ে রাস্তা খুঁড়েছেন। পরে বৃষ্টির কারণে কাজ বন্ধ হয়ে যায়। দ্রুত বালু ভরাট করে কাজ সম্পন্ন করতে ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর