• খুলনা দেশজুড়ে
  • পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা

পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ , ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের জন্য প্রস্তুত করা এবং তাদের স্বাক্ষরতার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিভিন্ন এলাকায় পরিচালনা করছে “শিকড় শিখন কেন্দ্র”।

গতকাল মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) পাইকগাছা এরিয়া প্রোগ্রাম কর্তৃক পরিচালিত বাতিখালী খ্রিস্টান মিশন এলাকায় “হাতেখড়ি শিখন শিকড় কেন্দ্র” পরিদর্শন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা।

এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব ইসহাক সরদার, স্পন্সরশিপ ও শিশু সুরক্ষা অফিসার দিপল বিশ্বাস, প্রোগ্রাম অফিসার শিল্পী রায় এবং জুনিয়র অফিসার রিনি ম্যাগডালিনা পাড়ই।

পরিদর্শনকালে শিক্ষা কর্মকর্তা লার্নিং রুটস সেন্টারের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, কোমলমতি শিশুরা কর্ণার গেম, বাইরের খেলাধুলা, গান ও নাচের মতো বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে যে শিক্ষা গ্রহণ করছে, তা তাদের সার্বিক বিকাশে অত্যন্ত সহায়ক। প্রয়োজনে প্রতিটি ইউনিয়নে এ ধরনের কেন্দ্র পরিচালনার জন্য ঘর বরাদ্দসহ সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন পাইকগাছা উপজেলায় বর্তমানে মোট ৪০টি লার্নিং রুটস সেন্টার পরিচালনা করছে। এসব কেন্দ্রের মূল লক্ষ্য ৩ থেকে ৫ বছর বয়সী প্রায় এক হাজার শিশুর বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও আবেগীয়, ভাষাগত এবং শারীরিক বিকাশ নিশ্চিত করে তাদের আনুষ্ঠানিক বিদ্যালয়ে ভর্তির উপযোগী করে গড়ে তোলা।