​বেনাপোল বন্দরে পণ্য লোডের সময় দুর্ঘটনায় শ্রমিক গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল স্থলবন্দরে মালামাল লোড করার সময় এক ভয়াবহ দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক বন্দর শ্রমিক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার হাত ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন’৯২৫ এর সদস্য।

​রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯ নম্বর সেডের অভ্যন্তরে এই দুর্ঘটনাটি ঘটে। ​আহত আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাকের আলীর ছেলে।

হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫’এর সাধারণ সম্পাদক মো.সহিদ আলী জানান, প্রতিদিনের ন্যায় রোববার বিকেলেও ৯ নম্বর সেডের ভেতরে সহকর্মীদের সাথে মালামাল লোড-আনলোডের কাজ করছিলেন আক্তারুল।

বিকেল সাড়ে ৪টার দিকে ​বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নিয়ন্ত্রণাধীন এলাকায় ফর্কলিফটের মাধ্যমে একটি ফিল্ম ট্রাকে মালামাল লোড করা হচ্ছিল। এ সময় মালামাল ওঠানোর সময় একটি ভারী যন্ত্রাংশ স্লিপ করে শ্রমিক আক্তারুল ইসলামের বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী।

তিনি আহত শ্রমিক আক্তারুল ইসলামকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান, পরে তাকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এ বিষয়ে মো. সহিদ আলী বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিক আক্তারুল ইসলামকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা গুরুতর। আমরা তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।”

চিকিৎসক সূত্রে জানা গেছে, বুকের ওপর ভারী যন্ত্রাংশ পড়ায় আক্তারুল ইসলামের শারীরিক অবস্থা গুরুতর এবং আশঙ্কাজনক।

এদিকে বন্দরে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা ও পণ্য ওঠানামার সময় প্রয়োজনীয় সতর্কতা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য লিখুন

আরও খবর