• অপরাধ খুলনা
  • বেনাপোল-যশোর মহাসড়কে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেফতার

বেনাপোল-যশোর মহাসড়কে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেফতার

প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ , ২৬ জুন ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর-বেনাপোল মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ স্বর্ণসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে।

আজ ২৬ জুন ২০২৬ তারিখ ভোর ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি চৌকস আভিযানিক দল এই অভিযান চালায়। অভিযানে ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার, ১টি মোটরসাইকেল এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির টহলদল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার পাকা রাস্তার ওপর ওত পেতে থাকে। সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালালে তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়।

​আটককৃত পাচারকারীর নাম সাহাব উদ্দিন সরদার (৪৪)। সে যশোর জেলার বেনাপোল থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী সাহাব উদ্দিন জানায়, সে ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এই স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিল। এরপর ঢাকা থেকে যশোর হয়ে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে সে এগুলো নিয়ে যাচ্ছিল।

​বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ১ কেজি ১৫৮ গ্রাম স্বর্ণের বর্তমান বাজার মূল্য ২,২১,৪৬,৭৫০/- (দুই কোটি একুশ লক্ষ ছেচল্লিশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা। এছাড়া ১,০৫,০০০/- টাকা মূল্যের একটি মোটরসাইকেল এবং ১,৪০০/- টাকা মূল্যের একটি মোবাইলসহ সর্বমোট সিজার মূল্য ২,২২,৫৩,১৫০/- (দুই কোটি বাইশ লক্ষ তিপান্ন হাজার একশত পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে।
​
​আসামি সাহাব উদ্দিনের বিরুদ্ধে চোরাচালান বিরোধী আইনে মামলা দায়ের করে তাকে যশোর ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

​এই অভিযানের বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান:
​”সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

এই চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই বড় চালানটি আটক করা সম্ভব হয়েছে।

সীমান্তে দেশের অর্থনৈতিক ক্ষতিসাধনকারী এ ধরনের চোরাচালান রোধে বিজিবির কঠোর অভিযান সব সময়ই অব্যাহত থাকবে।”

মন্তব্য লিখুন

আরও খবর