• চট্রগ্রাম দেশজুড়ে
  • বৈসু ও বাংলা নববর্ষ উপলক্ষে কামিনী পাড়ায় পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বৈসু ও বাংলা নববর্ষ উপলক্ষে কামিনী পাড়ায় পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ৪:৫৭ পূর্বাহ্ণ , ২০ এপ্রিল ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ‘বৈসু’ উপলক্ষে খাগড়াছড়ির কামিনী পাড়ায় আয়োজন করা হয় বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতা এবং বিজয়ীদের পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

গতকাল শনিবার (১৯ এপ্রিল ২০২৫) বিকেলে সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ কামিনী পাড়ার ইউনিসেফ পাড়াকেন্দ্র প্রাঙ্গণে ‘কামিনী পাড়া যুব কল্যাণ সমিতি’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সংগঠক রেভিলিয়াম রোয়াজা।

‘কামিনী পাড়া যুব কল্যাণ সমিতি’র সভাপতি ও নির্বাহী পরিচালক দহেন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেরাছড়া ইউনিয়নের ওয়ার্ড মেম্বার নির্মল ত্রিপুরা, গোলাবাড়ি ইউনিয়নের ওয়ার্ড মেম্বার সমাপন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা ও সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা, হপ্রিং ব্যান্ডের পরিচালক অজয় সেন ত্রিপুরা, ৪মাইল যৌথ খামার কার্বারী বিকাশ চন্দ্র ত্রিপুরা, কামিনী পাড়া কার্বারী বিপ্লব ভূষণ ত্রিপুরা, ৫মাইল যৌথ খামার পাড়ার কার্বারী সুবল ময় ত্রিপুরা, কামিনী পাড়া সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরের পুরোহিত নর ভূষণ ত্রিপুরা এবং ‘খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি’ কর্তৃক গঠিত ‘প্রান্তিক নারী ও কিশোরী মহিলা’ দলের সাধারণ সম্পাদক সুমিতা ত্রিপুরা প্রমুখ।

কামিনী পাড়া যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রিয় জ্যোতি ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্যে সমিতির সভাপতি ও নির্বাহী পরিচালক দহেন বিকাশ ত্রিপুরা জানান, কামিনী পাড়া একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ গ্রাম, যার বয়স ৫০ বছরের বেশি। আগে এর নাম ছিল ‘হাতং পাড়া’, বর্তমানে প্রয়াত কামিনী ত্রিপুরার নামানুসারে ‘কামিনী পাড়া’ হিসেবে পরিচিত। তিনি জানান, পাড়ায় বিদ্যুৎ ও ইট সলিং রাস্তা হলেও এখনো প্রয়োজন রয়েছে পাকা রাস্তা, শিব মন্দিরের নাটমন্দির ও ভক্ত নিবাস ঘর এবং একটি পাঠাগার স্থাপনের। পাঠাগারের জন্য জমি থাকলেও আর্থিক সংকটে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে এসব দাবি ও সুপারিশ জেলা পরিষদের চেয়ারম্যানের নিকট উপস্থাপন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা যেমন- সুকৈ, দড়ি টানাটানি, মোরগ লড়াই, চেয়ার ও বালিশ খেলা প্রভৃতিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পাশাপাশি, কামিনী পাড়া থেকে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জনকারী প্রিয় জ্যোতি ত্রিপুরা, দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত মলয় বিকাশ ত্রিপুরা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী রিপায়ন ত্রিপুরাকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও স্থানীয় শিশু শ্রেণি থেকে হাই স্কুল পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ঐতিহ্যবাহী রিসা ও ব্যাজ পরিয়ে বরণ করা হয় এবং সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

পরে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা।

মন্তব্য লিখুন