• দেশজুড়ে প্রধান সংবাদ
  • ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে দেশের চাহিদা পূরণ, কিন্তু এখানকার মানুষই বঞ্চিত – নাহিদ ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে দেশের চাহিদা পূরণ, কিন্তু এখানকার মানুষই বঞ্চিত – নাহিদ ইসলাম

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ , ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আমিনুল ইসলাম আহাদঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার গ্যাসের চাহিদা পূরণ করা হলেও এখানকার মানুষ আজও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। আমরা এমন একটি রাষ্ট্র চাই না, যেখানে উন্নয়ন হয় কিন্তু সেই এলাকার মানুষই উপকৃত হয় না।”

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটসহ বিভিন্ন খাতে এই জেলাকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার সংগ্রামে নামার কারণেই ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।”

তিনি আরও বলেন, “এই জেলা দেশের স্বাধীনতা ও ন্যায়ের প্রশ্নে কখনও আপোষ করেনি। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জীবন দিয়েছে, কিন্তু মাথানত করেনি। আজ উন্নয়নের সুষম বণ্টনের দাবি আমাদের প্রধান আওয়াজ। উন্নয়ন শুধু ঢাকায় সীমাবদ্ধ রাখা যাবে না, তা দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছাতে হবে।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ আরও অনেকে।