• অপরাধ খুলনা
  • যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু ওবায়দা গ্রেফতার

যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু ওবায়দা গ্রেফতার

প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ , ৫ জুন ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর জেলার চৌগাছা থানাধীন দক্ষিণ সাগর এলাকায় চাঞ্চল্যকর ঝন্টু হত্যা মামলার এক নম্বর এবং প্রধান পলাতক আসামি আবু ওবায়দাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত রাতে র‍্যাব-৬-এর যশোর ক্যাম্প ও ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনে।

​র‍্যাব সূত্রে জানা গেছে, গতকাল ৪ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:০৫ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন পশ্চিম তিলছড়া এলাকার ‘হাবিব মাস্টারের বাড়ি’ নামক স্থানে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই সফল অভিযানে ১৯ মে ২০২৬ তারিখে সংঘটিত ঝন্টু হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর পলাতক আসামি আবু ওবায়দাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

​গ্রেফতারকৃত আসামির অতীত অপরাধের রেকর্ড (পিসি-পিআর) বিশ্লেষণ করে র‍্যাব জানায়, আবু ওবায়দা একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে এর আগেও অস্ত্র আইন, হত্যাচেষ্টা, চুরি এবং মাদক চোরাচালানসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

​র‍্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব ফোর্সেস সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় এই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

​গ্রেফতারকৃত আসামি আবু ওবায়দাকে পরবর্তী আইনানুগ ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আজ যশোরের চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর