রামগড়ে ৪৩ বিজিবির মানবিক সহায়তা ও আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ , ১৩ মে ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করেছে Border Guard Bangladesh ৪৩ বিজিবি।

বুধবার (১৩ মে) রামগড় জোন সদরস্থ বাস্কেট মাঠে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, শিক্ষা ও সাংস্কৃতিক উপকরণ, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে গুরুতর অসুস্থ কয়েকজন রোগীর চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদানও দেওয়া হয়।

বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান।

এছাড়া অন্তুপাড়া জুনিয়র উচ্চ বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ, রামগড় রংতুলি একাডেমির জন্য একটি তবলা সেট প্রদান এবং বল্টুরামপাড়া এলাকায় বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন করা হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান দিকনির্দেশনায় ছিলেন ৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে কাজ করার পাশাপাশি বিজিবি সবসময় পার্বত্য এলাকার মানুষের পাশে রয়েছে এবং থাকবে। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির জোনের উপ-অধিনায়ক মেজর মঈনুল আলম, সহকারী পরিচালক মোহাম্মদ শামছুল হক, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক রতন বৈষ্ণব ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা।