লোহাগাড়ায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ , ২৩ আগস্ট ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

চট্টগ্রামের লোহাগাড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার চরম্বা ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে এবং তাদের অংশগ্রহণে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দ। অভিযানে আনসার সদস্য ও উপজেলা প্রশাসনের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে নয়াবাজারের মেসার্স ফেরদৌস ট্রেডিং নামের বিসিআইসি সার ডিলারের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় প্রতিষ্ঠানের ডিলার মো. সোহেল (৩৪), পিতা-নুরুল হক, সাং-নয়াবাজার, চরম্বা, লোহাগাড়া, চট্টগ্রামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ডিলার বা ব্যবসায়ী নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকদের অভিযোগ, সারসহ কৃষি উপকরণের দাম বেড়ে গেলে উৎপাদন ব্যয়ও বাড়ে। তাই সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত বাজার তদারকি জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

মন্তব্য লিখুন

আরও খবর