সাপাহারে আমগাছ কর্তন ও বাড়িতে হামলার অভিযোগ

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ , ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

নওগাঁর সাপাহারে জমি নিয়ে আদালতে মামলা করায় প্রতিপক্ষের আমগাছ কর্তন ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার শিরন্টি পাগলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুস সুবহান ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে সুবহান গত ২৩ জানুয়ারি আদালতে ১৪৪/৪৫ ধারা জারির আবেদন করেন।

এতে ক্ষিপ্ত হয়ে বিবাদী মজিবর,জবদুল ও মোস্তফাসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে সুবহানের বাগানে ঢুকে ৯টি আম্রপালি গাছ কেটে ফেলে এবং জমি ঘেরাও করে। বাধা দিলে সুবহানকে প্রাণনাশের হুমকি দিয়ে ধাওয়া করা হয়।

একপর্যায়ে বিবাদীরা তার বাড়িতে ঢুকে দরজা-জানালা ও টিনের প্রাচীর ভাঙচুর করে এবং জমির ফসল উপড়ে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করে বলে অভিযোগে উল্লেখ করেন।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।