• চট্রগ্রাম দেশজুড়ে
  • ২৮ বছরেও বাস্তবায়ন হয়নি পার্বত্য চট্টগ্রাম চুক্তি: খাগড়াছড়িতে ক্ষোভ–অভিযোগ বক্তাদের

২৮ বছরেও বাস্তবায়ন হয়নি পার্বত্য চট্টগ্রাম চুক্তি: খাগড়াছড়িতে ক্ষোভ–অভিযোগ বক্তাদের

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ , ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

২৮ বছর পেরিয়েও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অভিযোগ করেছেন, চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা দেখিয়ে রাষ্ট্রপক্ষ জুম্ম জনগণের সঙ্গে প্রতারণা করছে। একই সঙ্গে পার্বত্য চুক্তিকে বানচাল করার গভীর ষড়যন্ত্র চলমান বলেও দাবি করেন তারা।

মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) দুপুরে চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ির মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে “পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে জাতীয় ঐক্য গড়ে তুলুন” স্লোগানে আয়োজিত আলোচনা সভায় এসব অভিযোগ ওঠে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা।

সভায় বক্তারা বলেন, “১৯৯৭ সালে চুক্তি স্বাক্ষরের পর যে প্রত্যাশা ছিল, তা আজও পূরণ হয়নি। ক্ষমতাসীন সরকারের খেয়াল–খুশিমতো চুক্তিকে উপেক্ষা করা হচ্ছে। সরকার আন্তরিক হলে এত দীর্ঘ সময় লাগতো না।”

সভা পরিচালনা করেন আয়োজক কমিটির সহ–সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা এবং সভাপতিত্ব করেন ২রা ডিসেম্বর উদযাপন কমিটির আহ্বায়ক সুভাষ কান্তি চাকমা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাথোয়াই অং মারমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সভাপতি কাকলী খীসা, উপজাতীয় ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রবি শংকর তালুকদার, সমাজসেবক প্রিয় কুমার চাকমা প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ১৯৭৫ থেকে ১৯৯৭—দীর্ঘ সংঘাত–সংঘর্ষের অবসান ঘটিয়ে সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি করলেও বাস্তবায়নে গাফিলতি ও নানা ষড়যন্ত্রের কারণে পাহাড়ের মানুষের ভাগ্য নিয়ে ‘ছিনিমিনি খেলা’ চলছে।

তারা আরও বলেন, “চুক্তি বাস্তবায়নে অচিরেই কার্যকর উদ্যোগ না নিলে আবারও আন্দোলনের পথে যেতে বাধ্য হলে এর পরিণতি শুভ হবে না।”

বক্তারা চুক্তি বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের অবসানের পথ তৈরি হয়েছিল।

মন্তব্য লিখুন

আরও খবর