• চট্রগ্রাম দেশজুড়ে
  • গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে ত্রিপুরা সম্প্রদায়ের তিন সংগঠন

গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে ত্রিপুরা সম্প্রদায়ের তিন সংগঠন

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ , ১১ অক্টোবর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে সাম্প্রতিক সহিংসতা ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, আর্থিক সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে ত্রিপুরা জনগোষ্ঠীর তিন সংগঠনের একটি বিশেষ টিম।

শনিবার (১১ অক্টোবর) সকালে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস), বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম (টিএসএফ)-এর যৌথ উদ্যোগে গঠিত ওই টিম পরিদর্শন কার্যক্রমে অংশ নেয়।

পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন বিটিকেএস কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা, স্থানীয় মৌজা প্রধান ও ত্রাণ সংগ্রহ কমিটির নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত দোকানী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শন টিমে আরও উপস্থিত ছিলেন বিটিকেএস খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি মিহির কান্তি ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি কীর্তি ভূষণ ত্রিপুরা, গুইমারা উপজেলা শাখার সভাপতি বিশ্ব কুমার ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি নবলেশ্বর ত্রিপুরা এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরাসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

এ সময় তারা ত্রাণ সংগ্রহ কমিটির নিকট কিছু আর্থিক অনুদান এবং জরুরি উপকরণ হস্তান্তর করেন।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদর উপজেলায় মারমা সম্প্রদায়ের এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই পার্বত্য জুড়ে উত্তেজনা ও প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়।

পরদিন ২৪ সেপ্টেম্বর সেনাবাহিনীর সহায়তায় পুলিশ অভিযুক্ত শয়ন শীল (১৯)-কে গ্রেপ্তার করে। ঘটনার বাকি আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ‘জুম্ম ছাত্র-জনতা’ ২৬ সেপ্টেম্বর আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।

পরে ২৭ সেপ্টেম্বর ভোরে নতুন করে অবরোধ শুরু হলে গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ করে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে গুলিতে তিনজন নিহত হন এবং সদরের স্বনির্ভর বাজার সহ আশপাশের দোকানপাটে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এমন পরিস্থিতিতে আজ শনিবার বিকেলে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের গুইমারা উপজেলা শাখা কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ব কুমার ত্রিপুরা এবং প্রধান আলোচক ছিলেন বিটিকেএস কেন্দ্রীয় সভাপতি কমল বিকাশ ত্রিপুরা।

সভায় বক্তারা বলেন, ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের গুজব বা উস্কানিমূলক প্রচার হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তারা।

পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা রুখে দিতে সকলকে সচেতন থাকার অনুরোধ জানান।

মন্তব্য লিখুন

আরও খবর