পাইকগাছায় বাড়ছে ডেঙ্গু রোগী: মশক নিধনে জরুরি পদক্ষেপের দাবি

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ , ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খুলনা শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়ার পাশাপাশি পাইকগাছাতেও দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে মশক নিধন ও জনসচেতনতা বৃদ্ধিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় পৌরবাসী মশক দমনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল পর্যন্ত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ৫০ শয্যার এ হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ জন রোগী ভর্তি হচ্ছেন। এর মধ্যে ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত রয়েছে মাত্র ৫টি শয্যা।

স্থানীয়দের অভিযোগ, চলতি মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো দৃশ্যমানভাবে মশক নিধন কার্যক্রম শুরু হয়নি। ফলে পৌর এলাকার বিভিন্ন স্থানে মশার উপদ্রব বেড়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মশক নিধনের জন্য এখনো সরকারি বরাদ্দ পাওয়া যায়নি। তবে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর বরাত দিয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে পৌরসভার নিজস্ব ব্যবস্থাপনায় আগামী সপ্তাহ থেকে বিভিন্ন ওয়ার্ডে মশক নিধনের ওষুধ স্প্রে করা হবে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ ময়না বলেন, হাসপাতালে প্রতিদিন ১০ থেকে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন।

এখনই মশক নিধন ও জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকট থাকা সত্ত্বেও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এদিকে ডেঙ্গুর বিস্তার রোধে দ্রুত মশক নিধন কার্যক্রম জোরদার, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন পৌরবাসী।

মন্তব্য লিখুন

আরও খবর