আন্তর্জাতিক যুব দিবসে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা ও কুইজ

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ , ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০আগস্ট) সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ির উদ্যোগে খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সনাক সদস্য জহুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি-সনাক, খাগড়াছড়ির এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ নূরুল আলাল। সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন সনাক সদস্য এম. এ. মর্তুজা পলাশ।

আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সংকট নয়; এর প্রভাব মানুষের জীবন-জীবিকা, খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও সামগ্রিক উন্নয়নের ওপর পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় তরুণদের জ্ঞান, উদ্ভাবনী চিন্তা, নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপন, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ কমানো এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারে তরুণদের ভূমিকা রাখতে হবে। স্থানীয় পর্যায়ে তরুণদের উদ্যোগ জলবায়ু-সহনশীল ও টেকসই ভবিষ্যৎ গঠনে সহায়ক হতে পারে।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, সনাক সদস্য, এসিজি, ইয়েস সদস্যসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, তরুণদের মধ্যে জলবায়ু ও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক ভূমিকা জোরদারে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর