খাগড়াছড়িতে ডিবি পরিচয়ে এনসিপি নেতা বেলালকে আটকের চেষ্টার অভিযোগ

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ , ১৫ আগস্ট ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপাড়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তির খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির আহ্বায়ক মো. বেলালকে আটকের চেষ্টার অভিযোগ উঠেছে। তবে পুলিশ জানিয়েছে, ওয়ারেন্টভুক্ত অন্য এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ভুলবশত বেলালকে আটকের চেষ্টা করা হয়েছিল।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে জেলা শহরের মহাজন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

বেলালের ভাষ্য, বিকেলে সাদা পোশাকে চার-পাঁচজন ব্যক্তি খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার থেকে বাড়িতে ফেরার পথে নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাকে আটক করে হাতকড়া পরানো হয়। এ সময় তার হাতে থাকা মোবাইল ফোন ও পকেটে থাকা প্রায় সাড়ে তিন হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

বেলাল বলেন, পরে বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন। এ সময় সেখানে পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান।

ঘটনার বিষয়ে খাগড়াছড়ি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি কাজী শরিফুল ইসলাম বলেন, “ভুলবশত ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে মো. বেলালকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল। পরে বিষয়টি বুঝতে পেরে তাকে ছেড়ে দেওয়া হয়।”

এদিকে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা সত্যিই ডিবি পুলিশের সদস্য কি না—এ বিষয়ে জানতে চাইলে ডিবি কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে পরে জানানো হবে বলে জানান।

বেলালের মোবাইল ফোন ও টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত বা লিখিত অভিযোগ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য লিখুন

আরও খবর