• খুলনা শীর্ষ সংবাদ
  • খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ

খাগড়াছড়িতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ

প্রকাশিত: ৫:৫৯ পূর্বাহ্ণ , ২৭ জুলাই ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ১০০টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার (২৬ জুলাই) বিকেলে জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করে স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং সহযোগিতা করে কারিতাস বাংলাদেশ। “Alert B075: Humanitarian Assistance to Flood and Landslide Affected People in Chattogram Division” প্রকল্পের আওতায় এ সহায়তা বিতরণ করা হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। সভাপতিত্ব করেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারিয়া সুলতানা বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার, স্থানীয় প্রশাসন এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে নগদ অর্থ সহায়তা ও হাইজিন কিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, টানা বর্ষণ, আকস্মিক বন্যা ও পাহাড়ধসের কারণে খাগড়াছড়ির বহু পরিবার ঘরবাড়ি, ফসল, গৃহস্থালির সামগ্রী ও জীবিকার উৎস হারিয়ে মানবিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে নগদ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যয় করার সুযোগ করে দেবে এবং হাইজিন কিট তাদের স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হবে।

তারা আরও জানান, স্টার্ট ফান্ড বাংলাদেশের অর্থায়ন ও কারিতাস বাংলাদেশের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পের আওতায় তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধার কার্যক্রমও বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের হেইস কর্মকর্তা খগেন ত্রিপুরা।

মন্তব্য লিখুন

আরও খবর