খাগড়াছড়িতে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে টুইম্বল

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ , ২৯ জুন ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে খাগড়াছড়ি সদর উপজেলার অচাই পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে “শিশুদের হাসি ফোটাতে, আমরা শিশুদের পাশে” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেয় Twimbol (Safe Social Media for Kids)। সহযোগিতায় ছিল JCI Dhaka Diplomats, KIDLON এবং CWAB।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল, রাবার, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে শিশুদের নিরাপদ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, অনলাইন নিরাপত্তা, সাইবার ঝুঁকি থেকে সুরক্ষা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।

আয়োজক প্রতিষ্ঠানের খাগড়াছড়ি প্রতিনিধি ও সাংবাদিক দহেন বিকাশ ত্রিপুরা বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ আরও সমৃদ্ধ করা এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের জন্য নিরাপদ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পাশাপাশি শিশুদের নিরাপদ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে অভিভাবক, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বর বিকাশ দেওয়ান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি শিশুদের নিরাপদ ডিজিটাল জীবন সম্পর্কে সচেতন করার এমন উদ্যোগ বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি আকাশ ত্রিপুরা, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করা হয় এবং ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর