খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প

প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ণ , ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে একটি দিনব্যাপী মেডিকেল ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সিন্দুকছড়ি জোনের তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকসহ একটি মেডিকেল টিম, চট্টগ্রাম সদর থেকে আগত শিশু বিশেষজ্ঞ এবং সিন্দুকছড়ি জোন সদরদপ্তরের মেডিকেল অফিসার ও তাদের সহায়ক দল চিকিৎসাসেবা প্রদান করেন।

দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৫০০ জন পাহাড়ি ও বাঙালি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

এছাড়া, লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আয়োজকরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

স্থানীয়রা জানান, অর্থনৈতিক সীমাবদ্ধতা ও যাতায়াত সমস্যার কারণে অনেকেই নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এ ধরনের উদ্যোগ তাদের জন্য সহায়ক ভূমিকা রাখছে বলে তারা মনে করেন।

মন্তব্য লিখুন

আরও খবর