গুইমারায় কইংগ্রী পঞ্ঞা আরং লাইব্রেরীর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম বড়থলি এলাকায় কইংগ্রী পঞ্ঞা আরং লাইব্রেরীর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১৮সেপ্টেম্বর) বড়থলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও গাছের চারা বিতরণ, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। মেডিকেল ক্যাম্পে প্রায় ২০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কইংগ্রী পঞ্ঞা আরং লাইব্রেরীর সভাপতি তানিমং মারমা। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন শিশু আইসিইউ বেবি কেয়ার হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার ডা. রোনেক্স চৌধুরী। স্বাগত বক্তব্য দেন লাইব্রেরীর সহ-সাংগঠনিক সম্পাদক অংসাচিং মারমা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. রোনেক্স চৌধুরী বলেন, দুর্গম এলাকায় লাইব্রেরীকেন্দ্রিক সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ। শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে পাঠাগার সম্পাদক থৈঅংপ্রু মারমা, বড়থলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উসাগ্য মারমা, বিএমসি খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক অংগ্য মারমা, পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সংগঠক মংসানু মারমা, এইচএনসি অ্যান্ড ইউএসএনআই ইন্ডিজেনাস স্টুডেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুশান্ত তঞ্চগ্যা ও সামাজিক সংগঠক আহ্লুরা মারমা বক্তব্য দেন।

এ ছাড়া লাইব্রেরীর সাধারণ সম্পাদক অংচিং মারমা, স্থানীয় অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ ও পাঠাভ্যাস বাড়ানো, স্বাস্থ্য সচেতনতা তৈরি এবং পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করার লক্ষ্যেই এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর