• জাতীয় লিড নিউজ
  • ​জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের – পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

​জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের – পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ , ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 12 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের এক ঐতিহাসিক এবং গৌরবময় অর্জন সাধিত হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (UNGA) সভাপতি (President-Elect) নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং বিশিষ্ট সাবেক কূটনীতিক ড. খলিলুর রহমান।

​নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত একটি হাড্ডাহাড্ডি ও গোপন ব্যালট নির্বাচনে তিনি এই মর্যাদাপূর্ণ পদে জয়লাভ করেন। এই বিজয়ের মাধ্যমে দীর্ঘ ৪০ বছর পর দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আসনে বসতে যাচ্ছে কোনো বাংলাদেশি প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের পক্ষে প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী এই দায়িত্ব পালন করেছিলেন।

জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ড. খলিলুর রহমান এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ১৯০টি বৈধ ভোট পড়ে। এর মধ্যে ড. খলিলুর রহমান পান ৯৯টি ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট। ৮ ভোটের ব্যবধানে সাইপ্রাসকে পরাজিত করে বিজয়ী হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এই ঐতিহাসিক অর্জনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া প্রতিবেশী দেশ ভারত, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরাও তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিবৃতিতে জানায়, “এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থা, গ্রহণযোগ্যতা ও আমাদের ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন।”
​আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নবনির্বাচিত এই সভাপতি। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। এরপর ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে সভাপতির মূল দায়িত্ব পালন করবেন তিনি। এক বছরের জন্য (সেপ্টেম্বর ২০২৬ – সেপ্টেম্বর ২০২৭) বিশ্বমঞ্চের এই সর্বোচ্চ ফোরামের হাল থাকবে বাংলাদেশের হাতে।

​উল্লেখ্য, ড. খলিলুর রহমান একজন অত্যন্ত অভিজ্ঞ পেশাদার কূটনীতিক। রাজনৈতিক ও মন্ত্রীত্বীয় দায়িত্ব গ্রহণের আগে তিনি ২৫ বছরেরও বেশি সময় ধরে নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন সংস্থায় শীর্ষস্থানীয় জ্যেষ্ঠ পদে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর